নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি নেয়ার অভিযোগ যাত্রীদের

সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও রাজধানীর বিভিন্ন গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে, বলে অভিযোগ করেছেন যাত্রীরা। এছাড়া শুধু ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে ডিজেলচালিত বাসের ভাড়া পুনঃনির্ধারণ হলেও, সিএনজিচালিত বাসগুলোও নিচ্ছে একই বাড়তি ভাড়া। এ নিয়ে চরম ক্ষুব্ধ যাত্রীরা।
নতুন বাস ভাড়ায় এমনিতেই নাকাল জনজীবন, তারউপর অনেক গণপরিবহনই নিজেদের খেয়ালখুশি মতো এর চেয়ে অতিরিক্ত টাকা আদায় করেছে। যাত্রীরা বলছেন, সরকার ২৭ শতাংশ ভাড়া বাড়ালেও বাসগুলো অনেক ক্ষেত্রে ভাড়া নিচ্ছে দেড়গুণ পর্যন্ত বেশি।
এদিতে, রাজধানীতে অনেক বাসই সিএনজিচালিত হলেও ডিজেলের মুল্যবৃদ্ধি সাপেক্ষে পুননির্ধারিত ভাড়া নিচ্ছে তারাও। এ নিয়েও যাত্রীদের প্রশ্নে উত্তর মিলছে না।
জ্বালানি তেলের দাম বাড়ানোর পর পরিবহন ধর্মঘটের মুখে গণপরিবহনের ভাড়া বাড়িয়েছে সরকার। শুধু ডিজেলচালিত বাসের ভাড়া বাড়ালেও সিএনজিচালিত বাসগুলোও নিচ্ছে বাড়তি ভাড়া। বাড়তি ভাড়া আদায়ে যাত্রীদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়াচ্ছে পরিবহন শ্রমিকরা।
সরকারি নির্দেশ অমান্য করে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয় জানতে চাইলে বাস শ্রমিকরা জানান মালিকপক্ষে বলে দেয়া দামেই তারা যাত্রীদের কাছ থেকে ভাড়া নিচ্ছেন।
গণপরিবহন খাতে ভাড়া সমন্বয় নিয়ে কর্তৃপক্ষের কঠোর নজরদারি চান সাধারণ যাত্রীরা।
বাংলাটিভি/ সাকিব



