বাংলাদেশের প্রতিরক্ষা জোরদারে সহায়তা করবে ফ্রান্স

প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে একটি লেটার অব ইনটেন্ট সই করেছে বাংলাদেশ ও ফ্রান্স। প্যারিস সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দ্বিপক্ষীয় বৈঠক শেষে এক যৌথ ঘোষণায় বলা হয়, দুই দেশের অংশীদারিত্বে প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয় আরও দৃঢ় করতে উভয় পক্ষ আগ্রহী।
ফ্রান্স সফরের প্রথম দিন মঙ্গলবার স্থানীয় সময় সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের রাষ্ট্রপতির সরকারি বাসভবন এলিসি প্যালেসে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা দেয়া হয়। শেখ হাসিনাকে স্বাগত জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এসময় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। বাজানো হয় দু’দেশের জাতীয় সঙ্গীত।
পরে একসঙ্গে ফটো সেশন ও মধ্যাহ্নভোজ শেষে এলিসি প্রাসাদে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি দুই শীর্ষ নেতার মধ্যে একান্ত আলোচনা হয়।
এরপর সন্ধ্যায় শেখ হাসিনা ফ্রান্সের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান দেশটির প্রধানমন্ত্রী জ্যঁ কাসতেক্স। নিজেদের মধ্যে কুশল বিনিময় শেষে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে পারষ্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। সেখানে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়।
বৈঠক শেষে ফরাসি প্রেসিডেন্ট দপ্তরের এক যৌথ বিবৃতিতে বলা হয়,বাংলাদেশ ও ফ্রান্স উভয় দেশই বিদ্যমান অশীদারিত্বকে প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে আরও সম্প্রসারিত করার আগ্রহ প্রকাশ করেছে। আর সেই লক্ষ্যে দুই দেশই সহযোগিতা জোরদারে একমত হয়েছে।
বাংলাটিভি/ সাকিব



