স্থানীয় নির্বাচন: আইনশংখলা বাহিনীও বসে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্থানীয় নির্বাচনগুলোতে পুরোপুরি সংঘর্ষ এড়ানো যায় না, বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে আইনশংখলা বাহিনীও বসে নেই বলে জানিয়েছেন তিনি।
সকালে, সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গঠিত নিরাপত্তা বিষয়ক উপ-কমিটির সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামী ২৪ থেকে ২৯ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লোকজ মেলা অনুষ্ঠান হবে। যেকোন একদিন ওই মেলায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময়, স্থানীয় নির্বাচনে সহিংসতা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থানীয় আধিপত্যের নির্বাচন, সেখানে গোষ্ঠীর মধ্যে ভোটের লড়াই, তাই কিছুটা বিবাদ হয়েই থাকে। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছেন।
বাংলাটিভি/ সাকিব



