ট্রেনের টিকিটের দাম আগের মতোই থাকবে: রেলমন্ত্রী

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেলেও, ট্রেনের টিকিটের দাম আগের মতোই থাকবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
সকালে, ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি পুনরায় চালুর বিষয়ে রাজধানীর কমলাপুরে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এসময় মন্ত্রী বলেন, জনস্বার্থে দীর্ঘদিন ধরেই সরকার রেলে অনেক ভর্তুকি দিয়ে যাচ্ছে। ট্রেনে যাত্রীসেবার মান বাড়াতে নানা পদক্ষেপের কথাও তুলে ধরেন রেলমন্ত্রী।
এদিন মন্ত্রী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের ফুল বিতরণ করে এবং গার্ড ব্রেকে ফ্ল্যাগ সিগন্যাল প্রদানের মাধ্যমে ৮ মাস পর ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে ট্রেনের পুনরায় যাত্রা বিরতি কার্যক্রম চালু করেন।
এসময় রেলের ভাড়া বাড়বে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সুজন বলেন, ট্রেনের ভাড়া বাড়ানোর বিষেয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আমরা নেইনি। এমন যদি হত তেলের দাম বাড়ার কারণে আমরা ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছি, তাহলে হয়ত ভাড়া বাড়ানোর বিষয়টা চিন্তা করতাম।
রেলমন্ত্রী স্মরণ করিয়ে দেন, জনগণ বা সরকারের ভর্তুকির মাধ্যমেই ট্রেন চলছে। রেলওয়েকে অনেক ভর্তুকি দিতে হয়। ১০ টাকার জায়গায় হয়ত এখন ১২ টাকা ভর্তুকি দেওয়া লাগবে। যে কারণে আমাদের দিক থেকে ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি।
ট্রেনে ঢিল ছোড়া রোধে দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান নুরুল ইসলাম সুজন।অনুষ্ঠানে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে ১৪টি আন্তঃনগর, ৮টি মেইল ও ৪টি কমিউটার ট্রেনের যাত্রা বিরতি রয়েছে।
বাংলাটিভি/শহীদ



