
সীমান্তে হত্যা কীভাবে শূন্যে আনা যায় এ বিষয়ে বাংলাদেশ-ভারত কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
মঙ্গলবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রংপুর সিটি করপোরেশনকে লাইফ সাপোর্ট সংবলিত অত্যাধুনিক অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএসএফ-বিজিবি সীমান্ত রক্ষায় সচেষ্ট রয়েছে। চোরাচালান ও অনুপ্রবেশ বন্ধে সীমান্ত সেনারা কাজ করে যাচ্ছে। চোরাচালান বন্ধে দুই দেশকেই কঠোর ভূমিকা নেওয়া প্রয়োজন।
বিক্রম দোরাইস্বামী বলেন, ‘মাদক চোরাচালান দুই দেশের সমস্যা। বিশেষ করে ইয়াবা ও আইসের মতো ভয়ানক মাদক চোলাচালান বন্ধে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। এটা যেকোনও মূল্যে বন্ধ করতে হবে। বিজিবি-বিএসএফকে যৌথভাবে মাদক চোরাচালান বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে একমত হয়েছি। আশা করা হচ্ছে, আমরা ভালো ফল পাবো।তিস্তা নদীর বিষয়ে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে ভারত সরকার খুবই আন্তরিক। এ সমস্যা সমাধানে আমরা কাজ করছি।
রংপুর সিটি করপোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাট্টি। পরে বিক্রম দোরাইস্বামী রংপুর সিটি করপোরেশনের মেয়রের কাছে আনুষ্ঠানিকভাবে লাইফ সাপোর্ট সংবলিত অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন।
বাংলাটিভি/শহীদ



