শীতে করোনার প্রকোপ থেকে বাঁচতে সবাইকে সচেতন থাকার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

শীত মৌসুমে ইউরোপে করোনার প্রকোপ আবারো বাড়ছে, তাই আগামী দিনগুলোতে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সকালে রাজধানীর একটি হোটেলে কোভিড-১৯ পেনডামিক নিয়ে আয়োজিত সেমিনারে যোগ দিয়ে তিনি বলেন, কোন প্রকার অবহেলা না করে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মানতে আরও বেশি যত্নবান হতে হবে।
কোভিড-১৯ পেনডামিক নিয়ে, সকালে রাজধানীর একটি হোটেলে এক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন। এতে যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এসময় দেশে করোনা কমলেও এখনো একেবারে নির্মূল হয়ে যায়নি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভিড মোকাবেলায় আগামী দিনগুলোতে সবাইকে আরও সচেতন হতে হবে।
জাহিদ মালেক বলেন, মাস্ক ব্যবহার এবং সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা থেকে অনেকটাই দুরে থাকা সম্ভব।
দেশে ইতোমধ্যে ৯ কোটি ডোজ টিকা দেয়ার কাজ হয়েছে, বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
বাংলাটিভি/ সাকিব



