বাংলাদেশ
পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে তিন ঘণ্টা বন্ধ ছিলো মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল। কুয়াশা কেটে যাওয়ার ফলে আজ বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।
গণমাধ্যমকে তিনি বলেন, শেষ রাতে ঘাট এলাকায় কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। পরবর্তীতে পদ্মায় কুয়াশার ঘনত্ব বাড়লে ভোর ৬টার দিকে দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করা হয়।
পরে কুয়াশার তীব্রতা কেটে গেলে আজ সকাল সাড়ে ৮টা থেকে আবার ফেরি চলাচল শুরু হয় বলে জানান এই কর্মকর্তা।
বাংলাটিভি/ সাকিব



