শিক্ষার্থীদের জন্য বিআরটিসি’র বাসে অর্ধেক ভাড়া

শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে বিআরটিসি বাসের ভাড়া ৫০ ভাগ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন, বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ কথা জানান তিনি।
আগামী ১ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর, শিক্ষার্থীরা হাফ ভাড়ায় বিআরটিসি বাসে যাতায়াত করতে পারবে। ওবায়দুল কাদের বলেন বাস যাওয়া-আসার সময় ছাত্র-ছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ছবিযুক্ত বৈধ পরিচয়পত্র সাথে রাখতে হবে এবং প্রয়োজনে তা প্রদর্শন করতে হবে।
তিনি বলেন, সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা বিআরটিসি বাসে চলাচলের ক্ষেত্রে এই কনসেশন পাবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের দিনে সেটি প্রযোজ্য হবে না বলেও উল্লেখ করেন মন্ত্রী। কাদের জানান, শিগগিরই এ বিষয়ে বিআরটিসি প্রজ্ঞাপন জারি করবে। এছাড়া শনিবার বিআরটিএ’তে পরিবহন মালিক এবং শ্রমিক ফেডারেশনের সভায় বেসরকারি বাসে হাফ পাস দেয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে আশাবাদ জানান সেতুমন্ত্রী।
বাংলাটিভি/ সাকিব



