বাংলাদেশ

তামীমকে চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

লক্ষ্মীপুরের রামগতিতে পঞ্চম শ্রেণির ছাত্র তামীম ইকবালের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত ঘটনায় তার চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে পাঁচ লাখ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

শিশুটির বাবা সাহাদাত হোসেনের করা রিটের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন।  একইসঙ্গে ওই শিশুকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। জ্বালানি সচিব, পল্লী বিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যান, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ম্যানেজারসহ সংশ্লিষ্ট পাঁচ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় পল্লীবিদ্যুতের অবহেলায় পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় তামিম। এরপর থেকে সে ঢাকার শেখ হাসিনা ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের শিশু সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button