বাংলাদেশ

মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী অপতৎপরতায় লিপ্ত বিএনপি: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করে বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণে নতুন প্রজন্মের কাছে ইতিবাচক রাজনৈতিক কর্মসূচি তুলে না ধরে বিএনপি মহান মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী অপতৎপরতায় লিপ্ত রয়েছে।

তিনি দলটিকে অপপ্রচারের রাজনীতি পরিত্যাগ করে সঠিক ও সুস্থ রাজনৈতিক ধারায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন।

আজ রোববার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এ আহ্বান জানান সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, সমগ্র জাতি বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যুগপৎভাবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ‘মুজিববর্ষ’ মহা-আড়ম্বরে উদযাপন করেছে। এমন মহতি ক্ষণে একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি দেশের ভবিষ্যত প্রজন্মের সামনে কোনো প্রকার ইতিবাচক রাজনৈতিক কর্মসূচি তুলে না ধরে চিরাচরিতভাবে মহান মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী অপতৎপরতায় লিপ্ত রয়েছে।

যা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাকর। আমরা বিএনপিকে এই ষড়যন্ত্র, অপকৌশল ও অপপ্রচারের রাজনীতি পরিত্যাগ করে মহান মুক্তিযুদ্ধের চেতনার সঠিক ও সুস্থ রাজনৈতিক ধারায় ফিরে আসার আহ্বান জানাচ্ছি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতাদের লাগাতার মিথ্যাচার ও অপপ্রচার করছে অভিযোগ করে ওবায়দুল কাদের এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button