বাংলাদেশঅন্যান্যরাজনীতি

নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে জাসদের সংলাপ

নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে ১৪ দলীয় জোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।

বুধবার বিকাল ৪টায় বঙ্গভবনে দলটির সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেয়। রাষ্ট্রপতির সংলাপে অংশ নেওয়া দ্বিতীয় দল হচ্ছে জাসদ। এর আগে গত ১৮ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ করে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি।

প্রতিনিধি দলে রয়েছেন, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, সহসভাপতি মীর হোসাইন আক্তার, স্থায়ী কমিটির সদস্য মোশারফ হোসেন, অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ ও রেজাউল করিম তানসেন।

জাতীয় পার্টির মতো ইনুর জাসদও রাষ্ট্রপতির কাছে ইসি গঠনে আইন প্রণয়নের প্রস্তাব দেবে বলে জানা গেছে।নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে এবার তৃতীয়বারের মতো রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।

প্রথমবার ২০১১ সালের ২২ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমান বিএনপিসহ রাজনৈতিক দলগুলোকে সংলাপে ডাকেন। দ্বিতীয়বার ২০১৬ সালের ১৮ ডিসেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সংলাপ শুরু হয়, চলে ২০১৭ সালের ১৮ জানুয়ারি পর্যন্ত। বঙ্গভবনে পর্যায়ক্রমে মোট ৩১টি রাজনৈতিক দল এই সংলাপে অংশ নেয়।

উল্লেখ্য, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। পরদিন নতুন কমিশন দায়িত্ব গ্রহণ করবে।এর আগে রাষ্ট্রপতি ২০ জানুয়ারির মধ্যে নতুন সার্চ কমিটি গঠন করবেন।  এই সার্চ কমিটি রাজনৈতিক দল, পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গের সঙ্গে আলাপ-আলোচনা করে নতুন কমিশন গঠনে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করবে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button