
রাজধানীতে যেকোনো ধরনের অবকাঠামো নির্মাণের জন্য, এখন থেকে সিটি করপোরেশনের কাছ থেকেও অনুমোদন নিতে হবে- বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। সকালে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে জলাবদ্ধতা নিরসনে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের বিভিন্ন কার্যক্রমের পর্যালোচনা সভা শেষে, এ কথা জানান তিনি। এসময় এলজিআরডি মন্ত্রী আরও বলেন, যেকোনো প্রকল্পের কারণে জনগণের অসুবিধা হলে সিটি করপোরেশন সেটির নির্মাণকাজ বন্ধ করে দিতে পারবে, সে ক্ষমতা তাদের দেয়া হবে।
সকালে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আসন্ন বর্ষা মৌসুমে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনগুলোর গৃহীত কার্যক্রমের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামের সভাপতিত্বে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নুর তাপস এবং চট্টগ্রাম নগরীর মেয়র রেজাউল করিম চৌধুরীসহ সিটি কর্পোরেশনগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সভায় অংশ নেন।
এসময়, জলাবদ্ধতা নিরসনে নিজেদের কর্মকাণ্ড ও সমস্যাগুলো তুলে ধরেন মেয়ররা।সভায় স্থানীয় সরকারমন্ত্রী বলেন, কাউকে দোষারোপ করে নয়, জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট সবাইকে একযোগেই কাজ করতে হবে। সমন্বয় করে দ্রুত পদক্ষেপ নিলেই জলাবদ্ধতা নিরসন করা সম্ভব।তিনি আরও জানান, রাজধানীতে যেকোনো ধরনের অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে রাজউকের পাশাপাশি এখন থেকে সিটি করপোরেশনেরও অনুমোদন নিতে হবে।
এলজিআরডি মন্ত্রী বলেন, যেকোনো প্রকল্পের কারণে জনগণের অসুবিধা হলে সিটি করপোরেশন সেটা বন্ধ করে দিতে পারবে, সে ক্ষমতা তাদের দেয়া হবে।
বাংলাটিভি/রাজ



