একনেকে সাড়ে ৩৭ হাজার কোটি টাকায় ১১ প্রকল্প অনুমোদন

পরিবেশ দূষণরোধে, বর্জ্য শোধনাগার শহরের বাইরে নির্মাণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে, রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক সভায় এ নির্দেশনা দেন তিনি।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধিভুক্ত এলাকায় বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত একটি প্রকল্পের অনুমোদনকালে, প্রধানমন্ত্রী সিটি করপোরেশনের বর্জ্য শোধনাগার লোকালয়ের বাইরে স্থাপন করার নির্দেশ দেন। একনেক সভায়, আজ ৩৭ হাজার ৫০৭ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে ১১টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন থাকবে ৩৬ হাজার ২৩ কোটি ৯১ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ১ হাজার ৪৪৯ কোটি ৯৮ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থাকবে ৩৩ কোটি ৩৩ লাখ টাকা। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব তথ্য জানান।



