বাংলাদেশআইন-বিচার

চলে গেলেন সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দিন আহমদ

সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদ আর নেই। সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

নব্বইয়ের গণআন্দোলনের পর বাংলাদেশ গণতন্ত্রে ফেরার প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রপতির দায়িত্ব পালনকারী সাহাবুদ্দীন আহমদ পরবর্তীতে ১৯৯৬ সালেও পুনরায় রাষ্ট্রপ্রধানের পদে ফিরেছিলেন।

নব্বইয়ের গণআন্দোলনের মুখে এরশাদ সরকারের পতনের নাটকীয়তার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারে রাষ্ট্রপ্রধানের দায়িত্বে আসেন তৎকালীন প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ।

এরশাদ পদত্যাগ করার পর রাষ্ট্রপতির পদে কে আসবে, নির্বাচন পর্যন্ত অন্তবর্তীকালীন সরকারের প্রধান কে থাকবেন- সেই প্রশ্নে আওয়ামী লীগ, বিএনপিসহ গণঅভ্যুত্থানে অংশ নেয়া দলগুলো একমত হতে পারছিল না। পরে প্রধান বিচারপতিকে সেই দায়িত্ব দেয়ার বিষয়ে সমঝোতা হয়। তবে আবার সুপ্রিম কোর্টে ফেরার শর্ত দিয়ে সাহাবুদ্দীন আহমদ তাতে রাজি হন।

৬ ডিসেম্বর এরশাদ ক্ষমতা ছাড়লে সাহাবুদ্দীন হন রাষ্ট্রপতি। পরে তার নেতৃত্বাধীন নির্দলীয় সরকারের অধীনে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই দলের প্রার্থী হিসেবে সংসদীয় সরকার পদ্ধতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন সাহাবুদ্দীন আহমদ। ২০০১ সালের ১৪ নভেম্বর পর্যন্ত তিনি সেই দায়িত্বে ছিলেন।

বঙ্গভবন থেকে বিদায় নেয়ার পর গুলশানের বাড়িতে নিভৃতে শেষজীবন কাটান তিনি। ৯২ বছর বয়সে ঢাকার সিএমইচে চিকিৎসাধীন অবস্থায় আজ না ফেরার দেশে পাড়ি জমালেন সাহাবুদ্দীন আহমদ।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button