বাংলাদেশ
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মালবাহী কার্গোর ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ এম এল আফসার উদ্দিন ডুবে যাওয়ার ঘটনায় আরও দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় মুন্সিগঞ্জের শীতলক্ষ্যা-ধলেশ্বরী নদীর মোহনা থেকে একজনের এবং দুপুরে ঘটনাস্থল থেকে আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল আট। এ ঘটনায় এখনো চারজন নিখোঁজ আছেন বলে স্বজনেরা দাবি করেছেন। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, বেলা দেড়টায় ঘটনাস্থল থেকেই ভাসমান এক নারীর লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। লাশটি সোনারগাঁওয়ের স্কুলশিক্ষিকা উম্মে খায়রুন বলে তাঁর ভাই জুলফিকার আলী শনাক্ত করেছেন।



