বাংলাদেশসরকার

২০ মে থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের তথ্য সংগ্রহ শুরু: ইসি

আগামী ২০ মে থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের তথ্য সংগ্রহ শুরু করবে নির্বাচন কমিশন ইসি।রোববার (২৭ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক ইসির দায়িত্বশীল এক কর্মকর্তা।

এ প্রসঙ্গে এনআইডি মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর জানান, ভোটার হালনাগাদের তথ্য সংগ্রহ করা উচিত। এই সময়ের মধ্যে হালনাগাদের তথ্য নিতে পারলে আমাদের জন্য ভালো হবে। কারণ হালনাগাদের তথ্যের পর আমাদের কিছু কাজ থাকে। হালনাগাদ শুরু হলে আমাদের কাজগুলো শুরু করতে পারব।

আগামী ২০ মে থেকে বাড়ি বাড়ি গিয়ে ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম এমন নাগরিকদের তথ্য সংগ্রহ করা হবে। তিন সপ্তাহ পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলবে। এরপর ছবি, বায়োমেট্রিক ও চোখের আইরিশের জন্য কেন্দ্র ঠিক করে সেখানে নেওয়া হবে।

ইসি জানায়, করোনার কারণে গতবার ভোটার তালিকা হালনাগাদের জন্য বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের তথ্য সংগ্রহ করতে পারেনি নির্বাচন কমিশন। সর্বশেষ গত ২ মার্চ ইসির দেওয়া তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন ভোটার রয়েছে। এরমধ্যে ৫ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৫২৯ জন পুরুষ, ৫ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ২৭ জন নারী এবং ৪৫৪ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

২০০৭-২০০৮ সালের ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের পর ২০০৯, ২০১২, ২০১৪, ২০১৫, ২০১৭ এবং সর্বশেষ ২০১৯-২০২০ সালে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করা হয়।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button