শ্রীলঙ্কায় আজ বিমসটেক শীর্ষ সম্মেলন, ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) পঞ্চম শীর্ষ সম্মেলন শুরু হতে যাচ্ছে আজ। এ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি যোগ দেয়ার কথা রয়েছে।
বিমসটেক শীর্ষ সম্মেলন নিয়ে গত ২৩ মার্চ অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সদস্য রাষ্ট্রগুলোর সরকার প্রধানদের পঞ্চম বিমসটেক শীর্ষ সম্মেলনে ‘বিমসটেক সনদ’ স্বাক্ষরের প্রস্তাব করা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী সেদিন বলেন, ‘আশা করা হচ্ছে সনদটি বিমসটেক ফোরামকে বাংলাদেশসহ বঙ্গোপসাগর এলাকাকে একটি টেকসই শান্তিপূর্ণ ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা পালন করতে সাহায্য করবে।’
ড. মোমেন আরও বলেন, সনদটি এ ফোরামকে সমন্বিত প্রচেষ্টা, অর্থপূর্ণ সহযোগিতা এবং গভীর সংহতির মাধ্যমে গতিশীল, কার্যকর ও উৎপাদনশীল আঞ্চলিক সংগঠনে পরিণত করতে সহায়তা করবে।
বাংলাটিভি/ সাকিব



