এ বছর জনপ্রতি ফিতরা সর্বোচ্চ ২৩১০, সর্বনিম্ন ৭৫ টাকা

এ বছর রমজানে বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বাধিক দুই হাজার ৩১০ টাকা এবং সর্বনিম্ন ৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। রাজধানীর বায়তুল মোকাররমে আজ শনিবার বেলা ১১টায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ পরিমাণ নির্ধারণ করা হয়।
জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি এবং বায়তুল মোকাররমের জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি জানান, ইসলামি শরিয়াহ অনুযায়ী মুসলমানেরা সামর্থ্য অনুযায়ী আটা, কিসমিস, খেজুর, গম, পনির, যব ইত্যাদির যেকোনো একটির নির্দিষ্ট পরিমাণ বা এর বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করতে পারবেন।
উন্নতমানের আটা বা গম দিয়ে ফিতরা আদায় করলে এক সা’ বা এক কেজি ৬৫০ গ্রাম বা এর বাজার মূল্য ৭৫ টাকা প্রদান করতে হবে। যব দিয়ে আদায় করলে এক সা’ বা তিন কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ৩০০ টাকা, কিসমিসে আদায় করলে এক সা’ বা তিন কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য এক হাজার ৪২০ টাকা, খেজুর দিয়ে আদায় করলে এক সা’ বা তিন কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য এক হাজার ৬৫০ টাকা এবং পনির দিয়ে আদায় করলে এক সা’ বা তিন কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য দুই হাজার ৩১০ টাকা ফিতরা প্রদান করতে হবে।
দেশের সব বিভাগ থেকে সংগৃহীত আটা, গম, যব, খেজুর, কিসমিস ও পনিরের বাজার মূল্যের ভিত্তিতে এ ফিতরা নির্ধারণ করা হয়েছে। মুসলমানেরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উপর্যুক্ত পণ্যগুলোর যেকোনো একটি পণ্য বা এর বাজার মূল্য দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন।
বাংলাটিভি/ সাকিব



