বাংলাদেশসরকার

সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব: পররাষ্ট্রমন্ত্রী

সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সহযোগিতায় কোভিডসহ যেকোনো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর আয়োজিত ‘কোভিড-১৯ পরবর্তী বিশ্বব্যবস্থা: বৈশ্বিক উদ্যোগ, কৌশল ও করণীয়’ শীর্ষক সম্মেলনে ড. মোমেন এ কথা বলেন।

কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় কোভিডের টিকা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ এবং দক্ষতার সঙ্গে তৃণমূল পর্যন্ত সর্বসাধারণকে টিকা প্রদানেও সফলতা অর্জন সম্ভব হয়েছে।’

পররাষ্ট্রমন্ত্রী কোভিডসহ যেকোনো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বৃহত্তর ঐক্য ও সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে বলেন, ‘কোভিডের টিকা বিশ্বের বিভিন্ন দেশে বিতরণের ক্ষেত্রে মানবতার স্বার্থেই কোনো প্রকার রাজনৈতিক ও গোষ্ঠীস্বার্থ বিবেচনায় আনা সঙ্গত নয়।’

ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজ বিভাগের অধ্যাপক ইকবাল সেবিয়ার সঞ্চালনায় প্রতিষ্ঠানটির ছাত্র-শিক্ষক-গবেষক, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, স্বাগতিক সিঙ্গাপুর সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যেরা এবং বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button