অন্যান্যজনদুর্ভোগবাংলাদেশ

সিলেটে বড় হচ্ছে বন্যা, আতঙ্কে বানভাসি মানুষ

বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে সিলেটে।নগরীসহ জেলার সবগুলো উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে বানভাসি মানুষের সংখ্যা। বিভিন্ন সড়ক ডুবে গিয়ে উপজেলা ও জেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।শিক্ষাপ্রতিষ্ঠান, হাট-বাজার এমনকি সরকারি দফতরগুলোতে উঠেছে পানি। বন্যাকবলিত হয়ে পড়া সিলেট নগরীর আরও নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

সুরমার তীরঘেঁষা শাহজালাল উপশহর, সোবহানীঘাট, ছড়ারপাড়, কালিঘাট, তালতলা, কাজিরবাজার, শেখঘাট, ঘাসিটুলা, লালাদিঘির পাড় এলাকাসহ মহানগরীর অন্তত ১৫টি ওয়ার্ডে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

বন্যার পানিতে শত শত ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসা-বাড়ির জিনিসপত্র ভিজে নষ্ট হয়েছে। জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে সবখানে। বুধবার (১৮ মে) নগরের বন্যাকবলিত বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, বন্যা কবলিত এলাকার মানুষের জন্য নগরে ১৬টিসহ ২৭৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন লোকজন। তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে।

সিলেট জেলা ত্রাণ কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, জেলায় ২৭৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এরমধ্যে ৭৮টিতে মানুষ অবস্থান করছেন। এছাড়া বন্যার্তদের জন্য এ যাবত ১৪৯ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এরসঙ্গে ১ হাজার বস্তা শুকনো খাবারও বরাদ্দ করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সর্বশেষ ২০০৪ সালে নগরীর অনেক এলাকা বন্যায় প্লাবিত হয়েছিল। এরপর প্রতি বর্ষায় জলাবদ্ধতা সৃষ্টি হলেও এবারের মতো বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি।সিলেট পানি উন্নয়ন বোর্ড মঙ্গলবার সন্ধ্যায় জানায়, সুরমা, কুশিয়ারা, সারি, লোভাসহ সিলেটের সবগুলো নদ-নদীর পানি বাড়ছে। নদ নদীর বিভিন্ন স্থানে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

উজানের ভারী বৃষ্টির পাশাপাশি ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, জকিগঞ্জ, সিলেট সদরসহ বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। জেলার বাকি উপজেলাগুলোরও নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, সুরমা-কুশিয়ারা, লোভা, সারি ও দলাই নদীর পানি ৫টি পয়েন্টে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার দুপুর ১২টার প্রতিবেদন অনুযায়ী কানাইঘাটে সুরমার পানি বিপৎসীমার ১৫৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় ছিল ১৩৬ সেন্টিমিটারে।

বাংলাটিভি/জাবেদ

সংশ্লিষ্ট খবর

Back to top button