বাংলাদেশ

লন্ডনে আবদুল গাফফার চৌধুরীর জানাজা সম্পন্ন

দেশবরেণ্য সাংবাদিক, কলামিস্ট, লেখক ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরীর জানাজা যুক্তরাজ্যে অনুষ্ঠিত হয়েছে।আজ পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে এ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে সোমবার মরদেহ আনা হবে বাংলাদেশে।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম এ কথা জানিয়েছেন। তিনি বলেন, আমরা বরেণ্য একজন মানুষকে হারালাম। আমরা যত দ্রুত সম্ভব শুক্রবার বাদজুমা উনার জানাজা শেষ করার চেষ্টা করছি।আবদুল গাফফার চৌধুরী বৃহস্পতিবার ভোর ৬টা ৪০ মিনিটে লন্ডনে চিকিৎসাধীন মারা যান।

গাফফার চৌধুরী স্বাধীনতাযুদ্ধে মুজিবনগর সরকারে মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। তিনি ১৯৩৪ সালের ১২ ডিসেম্বর বরিশালের গ্রাম উলানিয়ার চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি যুক্তরাজ্যের লন্ডনের মিডলসেক্সের এজোয়ারের মেথুইন রোডের ৫৬ নম্বর বাড়িতে বসবাস করে আসছিলেন।

ছাত্রজীবনেই লেখালেখিতে হাতেখড়ি গাফফার চৌধুরীর। ১৯৪৯ সালে মোহাম্মদ নাসিরউদ্দীন সম্পাদিত মাসিক সওগাত পত্রিকায় তার গল্প প্রকাশিত হয়। ১৯৫২ সালে সাময়িকপত্রে প্রকাশিত হয় প্রথম উপন্যাস ‘চন্দ্রদ্বীপের উপাখ্যান’।

১৯৫৬ সালে যোগ দেন তফাজ্জল হোসেন মানিক মিয়া সম্পাদিত দৈনিক ইত্তেফাকে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে আবদুল গাফ্ফার চৌধুরী কলমযোদ্ধার ভূমিকায় অবতীর্ণ হন। জয় বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button