ডেল্টা প্ল্যানের লক্ষ্য পরিবেশ রক্ষা করে উন্নয়ন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পরিবেশকে রক্ষার মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই ডেল্টা প্ল্যানের লক্ষ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিকল্পিতভাবে পদক্ষেপ নিলে যেকোন কঠিন কাজই সহজে বাস্তবায়ন সম্ভব। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেল্টা গভর্নেন্স কাউন্সিলের প্রথম সভায়, একথা বলেন তিনি। এসময় বুঝে শুনে উন্নয়ন পরিকল্পনার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন সরকারপ্রধান।
দীর্ঘমেয়াদী খাদ্য নিরাপত্তা এবং সুষ্ঠু পানি সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং টেকশই পরিবেশ অর্জনের লক্ষ্যে বর্তমান সরকার ডেল্টা প্ল্যানের অনুমোদন দেয় ২০১৮ সালে। এরই ধারাবাহিকতায় এই মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ ও সিদ্ধান্তগ্রহণ দিক নির্দেশনা দেবার লক্ষ্যে ২০২০ সালে গঠন করা হয় ডেল্টা গভর্নেস কাউন্সিল।
সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেল্টা গভর্নেস কাউন্সিলের প্রথম সভায় বাংলাদেশের প্রেক্ষাপটে ব-দ্বীপ পরিকল্পনার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পরিবেশকে রক্ষার মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই ডেল্টা প্ল্যানের লক্ষ্য।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ভৌগলিক অবস্থান অন্যান্য দেশের থেকে ভিন্ন। তাই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে পরিকল্পিত পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। এসময় নদ-নদী নষ্ট করে যেখানে সেখানে কলকারখানা বা অবকাঠামো গড়ে না তুলতে পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডেল্টা প্ল্যানের সাথে দেশে সমুদ্র সম্পদকে কাজে লাগানোর তাগিদ দেন সরকারপ্রধান।



