বাজারে আম-লিচুসহ মৌসুমী নানা ফলের সমারোহ

মৌসুমী ফল আম, কাঁঠাল, লিচুতে ভরপুর বাজার। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও তুলনামুলক হাতের নাগালে হওয়ায় ক্রেতাদের আগ্রহও ভালো। ক্রেতারা জানান, অতিরিক্ত গরম পড়ায় রসালো ফলের দিকেই ঝুঁকছেন তারা। এদিকে বিক্রেতারা বলছেন, বাজারে ফলের সরবরাহ বেশ ভালোই, সামনে দাম আরও কমবে।
লিচু! রসালো ও মৌসুমী ফল হওয়ায় মৌসুমের শুরু থেকেই ক্রেতাদের কাছে এর বেশ চাহিদা। রাজধানীর বাজারে লিচুর সরবরাহ ভালোই। মান ও আকারভেদে, প্রতি একশো লিচুর দর ২২০ থেকে শুরু করে ৩৫০ টাকা।
ক্রেতারা বলছেন, মৌসুমী ফল হওয়ায় পরিবারের জন্য কিনছেন তারা। তবে দাম নিয়ে কিছুটা অসন্তোষ রয়েছে। আবার লিচুর গুচ্ছে বিক্রেতারা সংখ্যায় যাতে কম না দেয় সেজন্য একটি একটি করে গুণেও নিচ্ছেন অনেকে ক্রেতারা। এদিনে, আরও কমেছে তরমুজের দাম, প্রতিটি তরমুজ বিক্রি হচ্ছে ৫০ টাকায়।
এদিকে, মৌসুমী আরেক ফল আমের বাজার অনেকটাই চড়া। এর কারণ হিসেবে বিক্রেতারা জানিয়েছেন, সরবরাহ এখন কম থাকায় দাম বেশি। সামনের দিনে বাজারে ফলের সরবরাহ আরও বাড়লে দামও নাগালের মধ্যে চলে আসবে বলে আশা করছেন ক্রেতা-বিক্রেতাদের।



