বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার

বিচার বিভাগের সমস্যা সমাধানে কোন কার্পণ্য করবে না সরকার: আইনমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিচার বিভাগের সমস্যা সমাধানে কোন কার্পণ্য করবে না বলে জানিয়েছেনআইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটগণের জন্য আয়োজিত পাঁচদিনব্যাপী চলমান রিফ্রেসার কোর্সের আজকের এক অধিবেশনে মামলাজটের কারণ ও তার সমাধানের সুপারিশ শীর্ষক দলগত উপস্থাপনা অনুষ্ঠানে একথা বলেন আইনমন্ত্রী।

তিনি বলেন, বর্তমান সরকার বিচার বিভাগের অবকাঠামো ও লজিস্টিক সমস্যা দূরীকরণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং এ সমস্যা দূর না হওয়া পর্যন্ত পদক্ষেপ নিতে থাকবে।

মামলাজট নিরসনের জোর চেষ্টা চালিয়ে যাওয়ার আহবান জানিয়ে আইনমন্ত্রী বিচারকদের বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য মামলাজট কমিয়ে এনে জনগণকে দ্রুত ন্যায়বিচার প্রদান করা। তাই মামলাজট যে একটি বড় সমস্যা সেটা নিয়ে চিন্তা করতে হবে এবং এই চিন্তা মাঠ পর্যায় পর্যন্ত পৌঁছে দিতে হবে।’

আইনমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বর্তমানে যে হারে মামলা নিষ্পত্তি হচ্ছে তা অব্যাহত থাকলে মামলাজট কমে আসবে। বিচার ও সালিস এক নয়-এ কথা স্মরণ করিয়ে দিয়ে আইনমন্ত্রী বলেন, আইনের পরিসীমার মধ্যে থেকেই জনগণের কাছে ন্যায়বিচার পৌঁছে দিতে হবে এবং মামলা জট নিরসন করতে হবে। জনগণের ন্যায়বিচার পাওয়ার নিশ্চয়তা দিতে পারলে বিচার বিভাগের সাফল্য সমৃদ্ধ হবে।

দলগত উপস্থাপনায় ছয়টি গ্রুপে বিভক্ত ৩০ জন বিচারক মামলাজটের কারণ ও তার সমাধানের সুপারিশ তুলে ধরেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button