
২০২২-২৩ অর্থবছরের বাজেট একটি অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি উৎসাহিত করা গরিববান্ধব বাজেট বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের বাইরে বাজেট অধিবেশন শেষে সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘যুদ্ধের কারণে ইউরোপ আমেরিকা থেকে শুরু করে সারা বিশ্বে পণ্যের মূল্যবৃদ্ধি পেয়েছে। এর প্রেক্ষিতে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা কতদিনে শেষ হবে, তা কেউ জানে না। এজন্য অভ্যন্তরীণ উৎপাদনের ওপর জোর দেওয়া হয়েছে এই বাজেটে। বাজেটে সোশ্যাল সেফটি নেট বা সামাজিক নিরাপত্তা বেষ্টনি বাড়ানো হয়েছে, যাতে নিম্ন আয়ের মানুষ সুরক্ষা পায়।এটি গরিববান্ধব বাজেট’ উল্লেখ করে গতানুগতিকভাবে সব বাজেটের বিষয়ে নেতিবাচক মন্তব্যকারীদের সমালোচনা করেন তথ্যমন্ত্রী ড. হাছান।
মন্ত্রী বলেন, ‘প্রতিবার বাজেট পেশ করার পর বিএনপিসহ কিছু রাজনৈতিক দল, কিছু সংস্থা ও বুদ্ধিজীবী বরাবর নেতিবাচক কথা বলে এসেছেন। যা তাঁরা আজকেও হয়তো বলবেন, কালকেও বলবেন। কিন্তু, বাস্তবতা হচ্ছে এই যে, গত সাড়ে ১৩ বছরে সমস্ত নেতিবাচক মন্তব্য ও প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশ এগিয়ে গেছে। এই করোনা মহামারির মধ্যেও বাংলাদেশ এগিয়ে গেছে।এই বাজেটের মাধ্যমেও বাংলাদেশ অর্থনীতিকে সুসংহত করে সমস্ত প্রতিকূলতার মধ্যেও এগিয়ে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী হাছান মাহমুদ।
বাংলাটিভি/শহীদ



