
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় ১০ হাজার ৮৫৫ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে দশটি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক।
আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এই অনুষ্ঠিত সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় সভাপতিত্ব করেন।একনেক সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারের অর্থায়ন ৫ হাজার ১৪২ কোটি ৫৫ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ৭৫৬ কোটি ৩০ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ ৪ হাজার ৯৫৬ কোটি ৭৫ লাখ টাকা বলে জানান তিনি।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পাঁচটি প্রকল্পের মধ্যে আছে—নলকা-সিরাজগঞ্জ-সয়দাবাদ আঞ্চলিক মহাসড়কের সিরাজগঞ্জ শহর অংশ (শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হতে কাটা ওয়াপদা মোড় পর্যন্ত) চার লেনে উন্নীতকরণ ও অবশিষ্ট অংশ দুই লেনে উন্নীতকরণ (১ম সংশোধিত), বগুড়া শহর থেকে মেডিকেল কলেজ পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ (এন-৫১৯) (১ম সংশোধিত), কিশোরগঞ্জ সড়ক বিভাগাধীন গৌরীপুর-আনন্দগঞ্জ-মধুপুর-দেওয়ানগঞ্জ বাজার-হোসেনপুর জেলা মহাসড়ক যথাযথমানে উন্নীতকরণ, বরিশাল (দিনারেরপুল)-লক্ষীপাশা-দুমকী জেলা মহাসড়কের ১৪তম কিলোমিটারে রাঙ্গামাটি নদীর ওপর গোমা সেতু নির্মাণ (১ম সংশোধিত), মদনপুর-দিরাই-শাল্লা-জলসুখা-আজমিরীগঞ্জ জেলা মহাসড়কের (জেড-২৮০৭) দিরাই শাল্লা অংশ পুনঃনির্মাণ।
অন্যান্যগুলোর মধ্যে আছে—স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘দেশের গুরুত্বপূর্ণ ২৫টি (সংশোধিত ৪৬টি) উপজেলা সদর/স্থানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন (৩য় সংশোধিত) প্রকল্প, জ্বালানী, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মর্ডানাইজেশন অফ পাওয়ার ডিস্ট্রিবিউশন-স্মার্ট গ্রীডস ফেজ-১ প্রকল্প ও মর্ডানাইজেশন অ্যান্ড ক্যাপাসিটি এনহেনচমেন্ট অব বিআরইবি নেটওয়ার্ক (ঢাকা-ময়মনসিংহ) প্রকল্প, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (ষষ্ঠ পর্যায়) প্রকল্প এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (আরএমইউ) স্থাপন প্রকল্প।
বাংলাটিভি/শহীদ



