পদ্মা সেতুর আশপাশের এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ

ভোর থেকেই কাঁঠালবাড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থলে হাজার হাজার মানুষ এসে সমবেত হতে শুরু করেছে ৷ জনসভাস্থল ও এর আশপাশের এলাকা জুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে মাদারীপুরের কাঁঠালবাড়ি ইলিয়াস আহমেদ চৌধুরী ফেরি ঘাটে এ জনসভার আয়োজন করা হয়েছে।সকাল সাড়ে ১১টায় আওয়ামী লীগ আয়োজিত এ বিশাল জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন।
ভোর থেকেই এ অঞ্চলের জেলাগুলো থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ হাজার হাজার মানুষ জনসভাস্থলে সমবেত হওয়া শুরু করেছে। সকাল ৭টার দিকে হাজার হাজার মানুষ সভাস্থলে ঢুকতে শুরু করে।
অধিকাংশ মানুষই বিভিন্ন জেলার দূরদূরান্ত থেকে বাস-ট্রাক মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন ভরে সমাবেশে আসছি। এছাড়া লঞ্চ নৌকা দিয়ে নদী পথে আসছে হাজার হাজার মানুষ। বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে শতাধিক লঞ্চ নিয়ে জনসভাস্থলে হাজার হাজার মানুষ আসার কথা রয়েছে। বিভিন্ন স্লোগান দিয়ে, ঢাকঢোল পিটিয়ে উৎসবমুখর পরিবেশে কাঁঠালবাড়ি ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাট সংলগ্ন জনসভা মাঠে দিকে এগিয়ে যাচ্ছে সাধারণ মানুষ।
এছাড়া খুলনা সাতক্ষীরা বাগেরহাট যশোর চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া নড়াইল মাগুরা রাজবাড়ী ফরিদপুর থেকে শত শত বাস মাইক্রোবাস ট্রাক করে হাজার হাজার মানুষ জনসভাস্থলে আসছেন। কাঁঠালবাড়িতে সমাবেশে আসার পথে বিভিন্ন রাস্তায় ৭৮ কিলোমিটার দূর থেকে যানজট শুরু হয়ে যায়। বাস-ট্রাক দিয়ে আসতে না পেরে লোকজন পায়ে হেঁটে সমাবেশের দিকে অগ্রসর হচ্ছে।
এদিকে পদ্মাসেতুর উদ্বোধন করতে সকালে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাওয়া আসবেন। প্রথমে প্রধানমন্ত্রী সকাল ১০টায় মাওয়া প্রান্তে দুটি ফলক উন্মোচন করে পদ্মা সেতুর উদ্বোধন করবেন। এ ফলকের একটিতে থাকবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং আরেকটিতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এরপর প্রধানমন্ত্রী সেখানে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখবেন।



