ভোজ্যতেলের দাম ৬ টাকা কমার প্রভাব নেই খুচরা বাজারে

বাজারে লিটারপ্রতি খোলা সয়াবিন তেল সাড়ে ৩ টাকা এবং বোতলজাত তেলের দাম ৬ টাকা কমানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম কমার সাথে সমন্বয় করে নতুন এ ঘোষণা আসে গতকাল। তবে সাধারণ ক্রেতারা বলছেন, দফায় দফায় তেলের মূল্যবৃদ্ধির পর, এই যতসামান্য দাম কমায় ভোগান্তিকর অবস্থার কিছুই পরিবর্তন হবে না। অপরদিকে, তেলের দাম সমন্বয়ের দাবি খুচরা ব্যবসায়ীদেরও।
মূল্যবৃদ্ধির বাজারে ভোজ্যতেলের দাম কমানোর ঘোষণা যেন অল্প হলেও স্বস্তি! কিন্তু আসলেই কতোটা স্বস্তি? ক্রেতারা বলছেন, যেখানে দফায় দফায় যে তেলের দাম বেড়ে লাগামহীন অবস্থায় পৌঁছেছে, তাতে লিটারপ্রতি মাত্র ৬ টাকা কমাতে কিছুই যায় আসে না।
এদিকে, বাজারের খুচরা ব্যবসায়ীরা বলছেন, আগের কেনা তেলের দামের সঙ্গে সমন্বয় করা না হলে তারা ক্ষতিগ্রস্ত হবেন।বাজার তদারকিতে ভোক্তা অধিকার কর্তৃপক্ষের অভিযান চলমান রয়েছে। ভোজ্যতেলের দর বাস্তবায়ন নিয়েও আজ মৌখিক সতর্কবার্তা দেয়া হয়।
বিভিন্ন তথ্যসূত্র বলছে- মে মাসের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত একমাসে আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম কমেছে টনপ্রতি ২৬ শতাংশ; অর্থাৎ ১ হাজার ৯৭০ ডলারের তেলের দর নেমে আসে ১ হাজার ৪৬৪ ডলারে। আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম যে হারে কমেছে, দেশের স্থানীয় বাজারে দাম কমানোর হার তার চেয়ে কম।



