পদ্মা সেতু চালু হলেও ফেরি চলাচল পুরোপুরি বন্ধ হয়নি: নৌ প্রতিমন্ত্রী

পদ্মা সেতু চালু হলেও ফেরি চলাচল পুরোপুরি বন্ধ হয়নি, সেখানে ৬টি ফেরি চাহিদা অনুযায়ী পারাপার করছে, বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
দুপুরে, সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন ও চুক্তি স্বাক্ষর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে, একথা বলেন তিনি। এসময় নৌ-প্রতিমন্ত্রী জানান, শিমুলিয়া-মাঝিরকান্দি ঘাট দিয়ে আজও ফেরি চলাচল করেছে। যেভাবে চাহিদা থাকবে সেভাবে ফেরি রুটও ব্যবহার করা হবে। এসময় তিনি আরো বলেন, পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধের বিষয়টি অনির্দিষ্টকালীন সিদ্ধান্ত নয়। গতি নিয়ন্ত্রণে রাখতে, পদ্মা সেতুর মাঝে স্পিড গান এবং সিসিটিভি ক্যামেরা বসানো হবে। সেগুলো স্থাপনের পর নতুন করে সিদ্ধান্ত নেয়া হবে মোটরসাইকেলের বিষয়ে। এসময়, পদ্মা সেতু ঘিরে দেশে সামষ্টিক অগ্রযাত্রা ও চ্যালেঞ্জ বাস্তবায়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন নৌ প্রতিমন্ত্রী।
বাংলাটিভি/শহীদ



