
পদ্মা সেতু চালুর পর, এখন ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে নামে পরিচিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে আজ থেকে যানবাহনের টোল আদায় শুরু হয়েছে।
রাত ১২ থেকেই টোল আদায়কারী সংস্থা কোরিয়ান এক্সপ্রেসওয়ে করপোরেশনকে টোল প্লাজার দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে। সেখানে যানবাহনের জন্য নির্ধারিত হারে টোল আদায় করা হচ্ছে। সকাল থেকে মাওয়া প্রান্তে এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় দক্ষিণাঞ্চলগামী যানবাহনের ব্যাপক চাপ। উল্টোদিকে, ভাঙ্গা প্রান্তের টোলবুথেও ঢাকা থেকে মাওয়াগামী যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে। এঅবস্থায় সড়ককে ধীরগতি দেখা দিয়েছে। অন্যদিকে, দেশের উল্লেখযোগ্য তিনটি সেতুতে টোলমুক্ত যাতায়াত চালু হয়েছে। এগুলো হলো- পোস্তগোলা, ধলেশ্বরী ও আড়িয়াল খাঁ সেতু।
ধলেশ্বরী টোল প্লাজা থেকে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন ধীরগতিতে চলছে। জট এড়াতে ও দুর্ঘটনা রোধে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধের প্রস্তাব করেছে সওজ।
অল্প দূরত্ব হলেও,ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের এই ৫৫ কিলোমিটার সড়কে চলাচলের ক্ষেত্রে হেভি ট্রাককে টোল দিতে হবে ১১০০ টাকা, মাঝারি মানের ট্রাককে ৫৫০ টাকা। এছাড়া বড় বাসের জন্য ৪৯৫,মিনি ট্রাক ৪১৫, মিনিবাস বা কোস্টার ২৭৫, মাইক্রোবাস ২২০ এবং প্রাইভেটকারের জন্য ১৪০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে।
বাংলাটিভি/শহীদ



