ব্যবসায়ীদের ক্ষতি না করে কারওয়ান বাজার স্থানান্তর করা হবে: এলজিআরডিমন্ত্রী

ব্যবসায়ীদের কোনো ধরনের ক্ষতি না করে কারওয়ান বাজার স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।
বৃহস্পতিবার (২১ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন গাবতলী কাঁচাবাজার পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমি গতকাল (বুধবার) রাজধানীর যাত্রাবাড়ী কাঁচাবাজার পরিদর্শন করেছি, আজ গাবতলী এসেছি। দুই মেয়রের সঙ্গে বসে আলোচনা করে আমাদের পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবো। আমরা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। সার্বিকভাবে যেন ব্যসায়ীদের কারও কোনো ক্ষতি না হয় সেদিক মাথায় রেখে কারওয়ান বাজার স্থানান্তর করা হবে। এই বাজারের এক অংশ হবে যাত্রাবাড়ীতে আরেক অংশ গাবতলীতে।
তিনি বলেন, এ কাজে অনেক চ্যালেঞ্জ আছে। তবে আমরা আলোচনা শুরু করেছি, সার্বিকভাবে সুবিধা-অসুবিধাগুলো পর্যালোচনা করা হচ্ছে। সম্মিলিত প্রচেষ্টায় এই কার্যক্রম এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, ঢাকায় অপরিকল্পিতভাবে স্থাপনা ও পাইকারি-খুচরা বাজার গড়ে তোলা হয়েছে। এখন সেগুলোকে পরিকল্পিতভাবে গড়ে তোলার কাজ শুরু হয়েছে। সেই লক্ষ্যে শহরের বাইরের অংশে পাইকারি মার্কেটগুলো স্থানান্তরের কাজ শুরু হয়েছে। আধুনিক ও মানসম্মতভাবে নতুন পাইকারি বাজারগুলো গড়ে তোলা হবে। তবে ব্যবসায়ীদের পাশাপাশি জনগণেরও যেনো ভোগান্তি তৈরি না হয় সে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একটি সমস্যার সমাধান করতে গিয়ে আরেকটি সমস্যা যাতে তৈরি না হয়, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হচ্ছে।
অপরিকল্পিতভাবে শহরের কোথাও অস্থায়ী বাজার বসানো যাবে না। যারা অনুমোদনহীন বাজার বসাবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বাংলাটিভি/শহীদ



