
শিক্ষা প্রতিষ্ঠান সাপ্তাহিক ছুটি দুই দিন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২২ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বের সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সপ্তাহের কোন কোন দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেবে।’
তিনি জানান, বৈঠকে অনির্ধারিত আলোচনায় দেশের বিদ্যুৎ ব্যবস্থাপনার বিষয়ে কেবিনেটের বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যতদিন বিদ্যুৎ এবং জ্বালানির বিষয়ে একটা সুবিধাজনক অবস্থায় না আসবে, ততদিন এই নির্দেশনা বহাল থাকবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
মন্ত্রিসভার বৈঠকে মুজিবনগর বিশ্ববিদ্যালয় আইন, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় আইন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন, হালকা প্রকৌশল শিল্প উন্নয়ন নীতিমালার অনুমোদন দেওয়া হয়।
বাংলাটিভি/শহীদ



