খাদ্য নিরাপত্তা নিশ্চিতের চ্যালেঞ্জ মোকাবেলায় বহুমুখী পরিকল্পনা নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

দেশের সাড়ে ১৬ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা খুবই চ্যালেঞ্জিং। এ চ্যালেঞ্জ মোকাবিলায় বর্তমান সরকার বহুমুখী পরিকল্পনা নিয়েছে। পুরনো কম উৎপাদনশীল ধানের জাত ব্রি-২৮ ও ২৯-এর পরিবর্তে উচ্চ উৎপাদনশীল নতুন জাত ব্রি-৮৮, ৮৯, ৯২ ও বঙ্গবন্ধু ধান ১০০-এর চাষ দ্রুত সম্প্রসারণের কাজ চলছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
সোমবার (২৯ আগস্ট) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সেচ ভবন মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন আয়োজিত দোয়া ও আলোচনা সভায় কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান জাতিকে বিভক্ত করে গিয়েছেন। জিয়া ছিলেন ক্ষমতালোভী। তার কোনও আদর্শ ছিল না। তার চিন্তা-চেতনার মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ প্রবেশ করেনি। সেজন্য জিয়া এ দেশে স্বাধীনতাবিরোধী শক্তিকে সমাজের সর্বত্র প্রতিষ্ঠিত করেছিলেন।
স্বাধীনতাবিরোধী শক্তি এখনও সমাজের সর্বত্র ঘাপটি মেরে আছে। সুযোগ পেলেই স্বাধীনতার বিরোধিতা করে। সুযোগ পেলেই তারা বলে রবীন্দ্রনাথের গান কেন বাংলাদেশের জাতীয় সংগীত হবে। তারা এখনও বাংলাদেশের পতাকা নামিয়ে পাকিস্তানের পতাকা উত্তোলন করতে চায়।
তিনি বলেন, দেশকে ধ্বংস করার নানা ষড়যন্ত্র চলছে। বিএনপি-জামায়াত, স্বাধীনতাবিরোধী শক্তি ও কিছু বুদ্ধিজীবী সারা দিন কামনা করছে দেশ যেন দেউলিয়া হয়ে যায়। দেউলিয়া হলে অরাজকতা সৃষ্টি করে তারা ক্ষমতায় আসবে—এই তাদের কামনা। কিন্তু তাদের এই স্বপ্ন পূরণ হবে না।
ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের আহ্বায়ক সেলিম হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মিন্টু খানের সঞ্চালনায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, কৃষক লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি, সংসদ সদস্য শাহাদারা মান্নান এবং কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম বক্তৃতা করেন।
বাংলাটিভি/শহীদ



