
জ্বালানি তেলের দাম ফের সমন্বয়ের আশ্বাস দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে সাভারের সিআরপিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপাকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিশ্ব বাজারে তেলের দাম কমায় আমাদের দেশেও দাম কমানো হয়েছে। আপনারা তেল-গ্যাসের দাম বাড়ার আভাস পেলেও আমি কমার আভাস পাচ্ছি। খুব শিগগরই জ্বালানি তেলের দাম আরও কমবে।’ এ সময় তিনি আরও বলেন, সরকার তার মনোভাবের পরিচয় দিয়েছে, অল্প হলেও তেলের দাম কমিয়েছে। আবারও তেলের দাম কমে এলে সেটি কোন প্রক্রিয়ায় সমন্বয় হবে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। বিশ্ব বাজারে দাম বাড়লে আমরা বাড়াবো, আর কমলে কমাবো। তবে এবার দামটা হঠাৎ করে একটু বেশি বেড়েছে, এ কারণে সমস্যা বেশি হয়েছে।
এ সময় জীবনযাত্রার খরচ কমাতে নাগরিকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, আমাদের জীবন যাত্রার খরচ কমাতে হবে। যেমন: আপনি ৫০০০ সিসির গাড়ির পরিবর্তে ৩০০০ সিসির গাড়ি ব্যবহার করতে পারেন। আপনার ঘরে অফিসে পাঁচটি লাইট ব্যবহারের পরিবর্তে তিনটি লাইট ব্যবহার করতে পারেন। সিআরপির নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেনের সভাপতিত্বে আনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলি খান খসরু, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও বিএসপিআইয়ের প্রিন্সিপাল অধ্যাপক ডা. মোহাম্মদ ওমর আলী সরকার প্রমুখ।
বাংলাটিভি/শহীদ



