বাংলাদেশঅপরাধআইন-বিচার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক আহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমার অভ্যন্তরে ল্যান্ডমাইন বিস্ফোরিত হয়ে অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যা (২২) নামে এক বাংলাদেশি তরুণ আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর)  দুপুরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তুমব্রু হেডম্যানপাড়া সীমান্তের ৩৫ নম্বর পিলার সংলগ্ন ৩০০ মিটার মিয়ানমার অভ্যন্তরে মাইনটি বিস্ফোরিত হয়।

আহত তরুণ ঘুমধুম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তুমব্রু হেডম্যানপাড়া এলাকার অং কিউ থাইং তঞ্চঙ্গ্যার ছেলে।

স্থানীয় আরিফ উল্লাহ জানান, তুমব্রু হেডম্যানপাড়ার স্থানীয়দের গবাদি পশু ঘাস খেতে খেতে মাঝেমধ্যে সীমান্তের ওপারে চলে যায়। ফলে সেগুলো ফিরিয়ে আনতে মালিকদের সীমান্ত এলাকায় যেতে হয়। আজও অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যা গরু চরা‌নোর সময় তার গরু সীমান্তের ওপারে চলে গেলে সেটি ফিরিয়ে আনতে যায়। সেখানে মিয়ানমার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরিত হয়ে অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যার বাঁ পায়ের গোড়ালিসহ পায়ের পাতা বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

আহতের মা ইয়াং মে চাকমা দাবি করেন, শুক্রবার দুপুরে গরু নিয়ে আসতে অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যা ও আরও কয়েকজন যুবক সীমান্তের কাঁটাতারের কাছাকাছি যায়। সেখানে হঠাৎ মাইন বিস্ফোরণ হয়। এতে গুরুতর আহত হয় তার ছেলে। পরে তাকে উদ্ধার করে দ্রুত কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বিকাল সাড়ে ৪টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। মিয়ানমার মাইন পুঁতে রেখেছে। সেই মাইন বিস্ফোরণ হয়ে তার ছেলে আহত হয়েছে। তার ছেলের বাম পায়ের নিচের অংশ উড়ে গেছে এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়েছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button