বাংলাদেশঅপরাধআইন-বিচার

অস্ত্র আইনের মামলায় জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড

অস্ত্র আইনের মামলায় যুবলীগের কথিত নেতা এসএম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমসহ আট জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার আগে কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয় জি কে শামীমকে।

আদালতের সরকারি কৌসুলি সালাউদ্দিন হাওলাদার এ বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। পিপি আরও বলেন, বিচারক রায়ে সব আসামির লাইসেন্স করা অস্ত্র রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন।

২০১৯ সালের ২৭ অক্টোবর জি কে শামীমের অস্ত্র মামলায় তদন্ত সংস্থা র‌্যাব আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এরপরে মামলাটি বিচারের জন্য এই আদালতে এলে ২০২০ সালের ২৮ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

নথি থেকে জানা গেছে, ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হলে ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনে শামীমের বাড়ি ও অফিসে র‌্যাব অভিযান চালিয়ে আটটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি, ১৬৫ কোটি টাকার এফডিআর এবং নগদ প্রায় এক কোটি ৮১ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ও মদ জব্দ করে। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও মানিলন্ডারিং আইনে তিনটি মামলা হয়।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button