কর্মসুচির নামে নৈরাজ্য করছে বিএনপি: আওয়ামী লীগ

জাতীয় পতাকার সঙ্গে লাঠি নিয়ে রাস্তায় নামলে জবাব দেওয়া হবে। লাঠি নিয়ে খেলা, আগুন নিয়ে খেলা চলবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভার সূচনা বক্তব্যে ওবায়দুল কাদের এ কথা বলেন। বাংলাদেশ আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে।
মন্ত্রী বলেন,কোমরভাঙা বিএনপি, হাঁটুভাঙা বিএনপি এখন লাঠির ওপর ভর করেছে। আমি বলছি না, বলেছেন জাফরুল্লাহ চৌধুরী। লাঠি চলে গিয়েছিল, বিএনপি আবার লাঠি ফিরিয়ে এনেছে। লাঠির মাথায় জাতীয় পতাকা বাঁধা, আবার বলে লাঠি আরও বড় হবে। কত বড় আস্ফালন। এর জবাব আমরা দেবো।
যদি জাতীয় পতাকার সঙ্গে লাঠি নিয়ে রাস্তায় নামেন, আস্ফালন করেন, জবাব আছে। আমি পরিষ্কার করে বলছি, লাঠি নিয়ে খেলা, আগুন নিয়ে খেলা চলবে না।
আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবারও বিজয়ের বন্দরে। শেখ হাসিনার লক্ষ্য ছিল ডিজিটাল বাংলাদেশ, বাংলাদেশ ডিজিটাল হয়ে গেছে। এবারের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ। এবার স্মার্ট বাংলাদেশের লক্ষ্য তুলে ধরেছেন আমাদের ক্রাইসিস ম্যানেজার শেখ হাসিনা।
বাংলাটিভি/শহীদ



