আজ কৈলাসে ফিরবেন দেবী দুর্গা

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। আজ দেবী দুর্গা মর্ত্য লোক ছেড়ে ফিরে যাবেন কৈলাসে স্বামীগৃহে। তাই মণ্ডপে মণ্ডপে পড়েছে বিষাদের ছায়া। উলুধ্বনি, শঙ্খ,ঘণ্টা আর ঢাকঢোলের তালেও যেন দেবী দুর্গার বিদায়ের ধ্বনি।
পুরাণ মতে,বিজয়া দশমীর মূল আকর্ষণ দেবীবরণ। রীতি অনুযায়ী,সধবা নারীরা স্বামীর মঙ্গল কামনায় দশমীর দিন দেবীর পায়ে সিঁদুর ছোঁয়ান। সিঁদুর ছোঁয়ানোর পর সেই সিঁদুর প্রথমে সিঁথিতে,পরে একে অন্যের সিঁথি ও মুখে মাখেন। মুখ রঙিন করে হাসিমুখে দেবীকে বিদায় জানান,যা সিঁদুর খেলা নামে পরিচিত।
অন্যান্য দিনের মত আজও মণ্ডপে মণ্ডপে দেবী বন্দনায় ভক্তকুল। ঢাকঢোল,কাঁসর-ঘণ্টাসহ বিভিন্ন বাদ্য,ধূপ আরতি ও দেবীর পূজা-অর্চনায় ছিল প্রাণখোলা উচ্ছ্বাস। এদিন সকাল থেকে ঢাকাসহ সারা দেশের মণ্ডপে মণ্ডপে শুরু হয় আনুষ্ঠানিকতা। আবার আসবেন দেবী সকল অশুভ শক্তির বিনাশ করে ন্যায় প্রতিষ্ঠা করতে। ভক্তদের মাঝে ছিল এক মানবিক ও সুন্দর পৃথিবীর প্রার্থনা।
বাংলা টিভি / বুলবুল



