
আওয়ামী লীগের সঙ্গে বিএনপি সংলাপে যাবে না বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকার চায় বিরোধী পক্ষ না থাকুক- ফাঁকা মাঠে গোল দিতে চায়। বিএনপি আওয়ামী লীগের সঙ্গে কখনো সংলাপে যাবে না, প্রশ্নই ওঠে না। আর এই ধরনের নিবার্চন জনগণ মানবে না।
শুক্রবার (৭ অক্টোবর) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এসময়, বিরোধী নেতাদের নাম-ঠিকানা সংগ্রহের নির্দেশ সংবিধানপরিপন্থি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল । তিনি বলেন, সারাদেশে বিরোধীদলের নেতা এবং সহযোগীদের নাম-ঠিকানা সংগ্রহের জন্য পুলিশের হেড কোয়ার্টার বেতার বার্তায় নির্দেশ দিয়েছে স্থানীয় পুলিশকে, যা নিয়ে বিএনপি উদ্বিগ্ন। এটা সংবিধানপরিপন্থি। যেসব অতিউৎসাহী কর্মকর্তা এ ধরনের অবৈধ হীনকাজে জড়িত দেশের মানুষ তাদের চিহ্নিত করে রাখবে।
ফখরুল বলেন, বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ হেডকোয়াটার্সের বরাত দিয়ে রাঙ্গামাটির পুলিশ সুপার গত ২৫ সেপ্টেম্বর জেলার সব থানার ওসিকে বিএনপিসহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দল ও সংগঠনের আটজন শীর্ষ ব্যক্তি, প্রতি উপজেলার শীর্ষ পাঁচ ব্যক্তি এবং সব পৌরসভা ও ইউনিয়নের কমপক্ষে পাঁচজন ব্যক্তি যারা বর্তমান সরকারবিরোধী চলমান গণআন্দোলনে জনবল সংগঠক বা অর্থায়ন করেন কিংবা অন্যকোনোভাবে সহযোগিতা করেন- এমন ব্যক্তিদের বিস্তারিত তথ্য পাঠাতে নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, এই বিষয়বস্তু থেকে এটি প্রমাণিত হয় যে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থগুলো বর্তমান ফ্যাসিবাদী সরকারের নির্দেশে একটি নীলনকশার অধীনে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে গুঁড়িয়ে দমন করার জন্য একযোগে কাজ করছে।
বাংলা টিভি/ হীরা



