বৈশ্বিক সংকট সামনে রেখে অপ-রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের

বৈশ্বিক সংকটের বাস্তবতা অনুধাবন না করেই বিএনপি নেতারা গলার জোরে কথা বলছেন এবং জনগণের কষ্টকে পুঁজি করে রাজনীতি করার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে সরকারকে নিয়ে বিএনপি মহাসচিবের যত অভিযোগ তা ভিত্তিহীন, আজগুবি ও রাজনৈতিক ভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে জানান তিনি।
রশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে সৃষ্ট সংকট বিশ্বব্যাপী, সব দেশই এই সংকট মোকাবিলা করছে এবং আগামীতে সংকট গভীরতর হলে তা কীভাবে মোকাবেলা করবে তার দিশা খুঁজছে সরকার। কিন্তু এই সংকট মুহূর্তে বিএনপি নেতার জনগণের চিন্তা বাদ দিয়ে ক্ষমতায় আসার চোরা পথ খুঁজছে বলেও জানান তিনি।
আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হবে, – মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন গত এক যুগেরও বেশি সময় ধরে বিএনপি মহাসচিব তাদের হতাশ নেতাকর্মীদের চাঙা করতে এমনটা বলছেন। তিনি বলেন শকুনের দোয়ায় যেমন গরু মরে না তেমনি বিএনপির দোয়ায়ও সরকারের পতন হবে না। সরকার পদত্যাগের যে অলীক স্বপ্ন বিএনপি নেতারা দেখছেন এবং তাদের কর্মীদের দেখাচ্ছেন তা বাস্তবে কখনো ঘটবে না দাবি করে ওবায়দুল কাদের বলেন জনগণ যতদিন চাইবে শেখ হাসিনা সরকার ততদিন ক্ষমতায় থাকবে।
বিবৃতিতে ওবায়দুল কাদের আরও বলেন বিএনপি নেতাদের কথায় সরকারের পতন হবে না। সরকারি ২৯টি প্রতিষ্ঠানকে ‘গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো’ ঘোষণা করায় নাকি বড় সর্বনাশ হয়েছে, জনগণের বাকস্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতাকে নাকি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে – বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাঁর বিবৃতিতে বলেন ফখরুল সাহেব হয়তো জানেন না পার্শ্ববর্তী দেশ ভারত, কোরিয়া ও যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোসমূহ চিহ্নিত করা আছে।
বাংলা টিভি / বুলবুল



