পাহাড়ে জঙ্গি ট্রেনিং চলছিল ৩ বছরব্যাপী খরপোষ চুক্তিতে

বান্দরবান-রাঙ্গামাটির দুর্গম পাহাড়ী অঞ্চলে অভিযান চালিয়ে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী সম্পৃক্ত ১০ জনকে অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তারের পর তাদেরকে জিজ্ঞাসাবাদে, পাহাড়ের সশস্ত্র দল ‘কেএনএফ’ বা বম পার্টির সঙ্গে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ায়’ চুক্তির তথ্য পেয়েছে র্যাব। মাসিক ৩ লাখ টাকার বিনিময়ে তিনবছরব্যাপী জঙ্গি প্রশিক্ষণের বিষয়ে, ২০২১ সালে কেএনএফের প্রতিষ্ঠাতা নাথান বমের সঙ্গে জঙ্গিদের চুক্তি হয়েছিলো। আজ বান্দরবান জেলা পরিষদ মিলনায়তনে ব্রিফিংয়ে, এসব তথ্য জানায় র্যাব।
সীমান্তবর্তী পার্বত্য দুর্গম এলাকায় অভিযান চালিয়ে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফ’এর প্রশিক্ষণ শিবির থেকে জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ৭ জন এবং পাহাড়ী বিচ্ছিন্নতাবাদী সংগঠনের তিনজনকে গ্রেফতারের বিষয়ে বিস্তারিত জানাতে, শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে র্যাব।
বান্দরবান জেলা পরিষদ মিলনায়তনে ব্রিফিংয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন জানান, গ্রেপ্তারকৃত ১০ জনের মধ্যে তিন পাহাড়িকে জিজ্ঞাসাবাদে তথ্য মিলেছে যে, মাসিক তিন লাখ টাকার বিনিময়ে জঙ্গিদের প্রশিক্ষণের জন্য বান্দরবানের কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফ’এর সঙ্গে চুক্তি করে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়া। তিন বছরব্যাপী এ প্রশিক্ষণের বিষয়ে ২০২১ সালে জঙ্গিদের চুক্তি হয়েছিল কেএনএফ’র প্রতিষ্ঠাতা নাথান বমের সঙ্গে।
র্যাব আরও জানায়, দেশের বিভিন্নস্থান থেকে নিখোঁজ হওয়া যুবকেরা উগ্রবাদী সংগঠনে জড়িত হয়ে জঙ্গি প্রশিক্ষণের জন্য এসব এলাকায় যায়। পাহাড়ে অস্ত্র চালানোসহ কয়েক ধরনের প্রশিক্ষণ নিচ্ছিলো জঙ্গিরা। বৃহস্পতিবার রাতের এই অভিযানে জঙ্গিদের কাছে থেকে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে র্যাব।
বাংলা টিভি / বুলবুল



