বিএনপির উস্কানিতে পা দেবে না আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

বিএনপির উস্কানিতে আওয়ামী লীগ পা দেবে না বলে মন্তব্য করেছনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি উস্কানি দিয়ে লাশ ফেলতে চাইলে সরকার দায়ী থাকবে না। ২০১৩-১৪ সালের মতো সহিংসতা করলে তাদের সমুচিত জবাব দেওয়া হবে।
শনিবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘নিরাপদ সড়ক দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন বাঁশ ও লাঠির মাথায় পতাকা বেঁধে আমাদের ভয় দেখাতে চায়। তারা লাশ ফেলে আন্দোলন জমাতে চায়। কিন্তু সরকার তাদের এ কর্মকাণ্ডে উস্কানি দেবে না।
অনুষ্ঠানে রাজনীতি ঠিক না হলে সবকিছু ঠিক করা যাবে না মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সড়ক পরিবহন আইনটি এতদিনেও বাস্তবে আলোর মুখ দেখাতে পারিনি। এখন বিষয়টি দাঁড়িয়েছে, আইন রয়েছে বিধিমালা ফয়সালা হয় না। সেটা মানুষকে অন্ধকারে রাখা।
ভিআইপিদের নিয়ম মানার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, রাজনীতি ঠিক না হলে সবকিছু ঠিক করতে পারব না। আমাদের ভিআইপিদের নিয়ম মানতে হবে। ভিআইপি রাস্তায় ভিড় দেখলেই পুলিশকে রিকোয়েস্ট করে ছেড়ে দিতে। ভিআইপিরা রং সাইড দিয়ে চলাচল করে যায়। আগের চেয়ে কমেছে কিন্তু বন্ধ হয় নাই।
বাংলা টিভি/অজিত



