সামনে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সামনে এখনও অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গিবাদ দমনে সফলতা আসলেও যুবসমাজকে মাদকের কুফল, ইভটিজিং এমনকি কিশোর গ্যাং এর মতো অপরাধ পুলিশের পাশাপাশি সামাজিকভাবেও প্রতিরোধ করতে হবে। সামাজিকভাবে এসব প্রতিরোধের জন্য সামনে এখনও আমাদের অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
আজ শনিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণ পাশে থাকলে সব কিছু মোকাবিলা করা যায়। জঙ্গি দমনে আমরা সফলতা পেয়েছি। জঙ্গির বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। পুলিশের পাশাপাশি জনগণ এগিয়ে আসায় তা রোধ করা গেছে। এখনও অনেক চ্যালেঞ্জ আছ। ইভটিজিং, মাদকের কুফল থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। মোবাইল, ফেসবুকে অপপ্রচার করা হচ্ছে। এসব রোধে কাজ করতে হবে। করোনাকালীন সময়ে কিশোর গ্যাং সৃষ্টি হয়েছে। মূলত এ সময় স্কুল, কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীরা পড়াশোনা থেকে বিরত থাকে। এ কারণে গ্যাং কালচার গড়ে ওঠে ।
মন্ত্রী বলেন, আগে গ্রামে একটা বিচার ছিল, কমিউনিটি পুলিশিংয়ের লক্ষ্যটাও ঠিক ওরকমই। আমরা নিজেরা যদি নিজের সমস্যাটুকু সমাধান করতে পারি অপরাধ অনেকটা কমে যাবে। আর পুলিশ তো সবসময়ই রয়েছে।
ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম। মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
বাংলা টিভি/ ইমন



