বাংলাদেশের কাছে দুঃখপ্রকাশ করলো মিয়ানমার

সীমান্তের অভ্যন্তরে গোলাবর্ষণ ও আকাশসীমা লংঘনের মতো উস্কানিমূলক কর্মকাণ্ডের জন্য বাংলাদেশের কাছে দুঃখপ্রকাশ করেছে মিয়ানমার। সেই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটানোরও প্রতিশ্রুতি দিয়েছে তারা।
আজ রোববার (৩০ অক্টোবর) কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সঙ্গে পতাকা বৈঠকে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ-বিজিপির পক্ষ থেকে এসব কথা বলা হয়।
পতাকা বৈঠকে বাংলাদেশ সীমান্তে শান্তি বজায় রাখতে কড়াভাবে সতর্ক করে দেয় মিয়ানমারকে। এসময় দু’দেশের সীমান্ত বাহিনীর মধ্যে পারস্পরিক যোগাযোগ, আস্থা ও নির্ভরতার পরিবেশ তৈরীর জন্য ভবিষ্যতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য গুরুত্বারোপ করা হয়।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখারের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল, বিজিপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ইয়ে ওয়াই শোর নেত্বত্বে ৭ সদস্যের প্রতিনিধি দলের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলা টিভি/অজিত



