মতিঝিলে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ, সড়কে তীব্র যানজট

রাজধানীর মতিঝিলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অলিও গার্মেন্টসের কর্মীরা। বকেয়া বেতন ও চাকরির দাবি জানিয়ে তারা বিক্ষোভ করেন।
সকালে রাস্তায় অবস্থান নেন তারা । ফলে মতিঝিল শাপলা চত্বর, আরামবাগ, কমলাপুর, ফকিরাপুল মোড়, দৈনিক বাংলা, পল্টন ও কাকরাইল এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে অফিসগামী যাত্রীরা বিপাকে পড়েন।
মতিঝিল বিভাগের পুলিশের অতিরিক্ত উপ কমিশনার এনামুল হক মিঠু সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
বলেন, “সকাল থেকে অলিও গার্মেন্টসের কর্মীরা মতিঝিল চত্বর থেকে শুরু করে আরামবাগ মোড় নটরডেমের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা গার্মেন্টসের মালিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। তাদের এখানে আনার ব্যবস্থা করছি। এছাড়া আমরা গার্মেন্টস বিক্ষোভকারী কর্মীদের সঙ্গেও কথা বলছি, আশা করি সমস্যা সমাধান হয়ে যাবে।”
বিক্ষোভকারীরা জানিয়েছেন, মতিঝিল মডেল হাই স্কুলের সামনে অলিও এই গার্মেন্টসটি কয়েক মাস আগে বেতন বকেয়া রেখেই বন্ধ করে দেন মালিকপক্ষ। তারা নতুন করে উত্তরায় নতুন প্রতিষ্ঠান চালু করেছে। শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমেছেন।
কর্মীরা জানান, অলিও গার্মেন্টসটি ইনভয় গ্রুপের একটি প্রতিষ্ঠান। তবে মালিকপক্ষের কোনো কর্মকর্তা এসে আশ্বাস দিলে রাস্তা ছেড়ে দেবেন বলে জানান তারা।
বাংলা টিভি/ হীরা



