গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রী গ্রেফতার

ঢাকার ধামরাইয়ে গরু চুরির মামলায় বাবলী আক্তার নামে এক ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক।
আজ বুধবার (২ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে ধামরাই থানার পরিদর্শক (ওসি) আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ভোরে ধামরাই থানা পুলিশ তাকে নয়াবাড়ি এলাকা থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত বাবলী সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক।
পুলিশ জানায়, ধামরাইয়ের কয়েকটি গরু চুরি হলে মামলা দায়ের করেন ভুক্তভোগী। সেই মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে বাবলী চুরি করা গরুগুলো নিজের হেফাজতে রাখতেন। পরে সুযোগ বুঝে বিক্রি করে দিতেন। গরু চুরি মামলায় সংশ্লিষ্টতা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, ‘আমি বিষয়টি জানি না। তবে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
ধামরাই থানার পরিদর্শক (ওসি) আতিকুর রহমান জানান, গরু চুরির সংশ্লিষ্টতা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।
ইমন/ বাংলা টিভি



