
দক্ষতা ও দেশপ্রেমের ঘাটতি দেখা দেওয়ায় পুলিশ কর্মকর্তাদের অবসরে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, পুলিশ কর্মকর্তাদের এ (অবসরে পাঠানো) বিষয়টি চলমান প্রক্রিয়া। যাদের চাকরির বয়স ২৫ বছর হয়ে যায়, যাদের দক্ষতায় ঘাটতি পড়ে যায়, তাদের যদি দেশপ্রেমে ঘাটতি পড়ে যায়, তখন তাদের বিরুদ্ধে অনেক আগে থেকেই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই পর্যায়ে তাদের দক্ষতা ও দেশপ্রেমের ঘাটতি ছিল বলে ডিপার্টমেন্ট থেকে সেই ব্যবস্থা গ্রহণ করেছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন করে।
দেশপ্রেমের ঘাটতিকে সরকার অ্যালার্মিং মনে করেন কি না? এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, অ্যালার্মিং মনে করব কেন? সরকারের কাছে কিছুই অ্যালার্মিং নয়। সরকার যদি মনে করে তার দক্ষতার ঘাটতি হয়েছে, তাকে দিয়ে কাজ হবে না। খামাখা একটা পোস্ট দখল করে রাখবে কেন? আরেকজন সেই পদে দিয়ে তার দক্ষতা দিয়ে আরও বেশি সেবা দিতে পারবে। সেজন্য এ কাজটি করা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।
উল্লেখ্য যে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের পর সম্প্রতি পুলিশের পাঁচ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার।
বাংলা টিভি/ইমন



