
পাহাড়ে বিচ্ছিন্নতাবাদে জড়িতদের দমনে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘পাহাড়ে কিছু বিশৃঙ্খলা, অস্থিরতা চলছে। আমাদের অভিযানও চলছে। এই মুহূর্তে কৌশলগত কারণে কিছু বলছি না। তবে, অভিযান শেষ হলে সব কিছু জেনে যাবেন।’
শুক্রবার নিজ জেলা সুনামগঞ্জে আইজিপি হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রথমবারের মতো পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ প্রধান এসব কথা বলেন।
আইজিপি বলেন, ‘বাংলাদেশ পুলিশ একটি পেশাদার বাহিনী। প্রধানমন্ত্রীর জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের যে নীতি, সেই নীতির আলোকে আমরা দায়িত্ব পালন করছি। সর্বশেষ হলি আর্টিজানের ঘটনার পরে আর কোনো জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদের ঘটনা ঘটেনি। এর আগে ছোট খাটো কয়েকটি ঘটনা ঘটেছে। তার মানে এই যে, প্রধানমন্ত্রীর নীতির আলোকে আমরা বাংলাদেশ পুলিশ বাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, সকল গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী একই প্লাটফর্মে একযোগে কাজ করছি।’



