মহাদুর্যোগের দল বিএনপি, তাদের কেউ ভোট দেবে না: ওবায়দুল কাদের

মহাদুর্যোগের দল বিএনপি তাই তাদের কেউ ভোট দেবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ১৯৭৫ থেকে অনেক দুর্যোগ এসেছে। একটা দুর্যোগের নাম আপনারা শোনেননি। এই মহাদুর্যোগের নাম বিএনপি। বিএনপি হলো বাংলাদেশের মহাদুর্যোগ। এদের কেউ ভোট দেবে না।
আজ শনিবার (০৫ নভেম্বর) কুমিল্লা মহানগর ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, দুবাই থেকে টাকা এনে বরিশালে সমাবেশ করছেন! বড় বড় পাতিলে রান্না করছেন! আপনারা কুমিল্লায় এসে দেখে যান, একটি মহানগর সম্মেলনে কত মানুষ এসেছে। আপনারা দেখে যান।
আগামীতে শেখ হাসিনাই প্রধানমন্ত্রী হবেন বলে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সরকার পতনের যে স্বপ্ন দেখছেন, তা কর্পুরের মতো উড়ে যাবে। আর আগামীতে শেখ হাসিনাই প্রধানমন্ত্রী হবেন
বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের আরও বলেন, যিনি পালিয়ে গেছেন, তিনিই আপনাদের নেতা। আপনাদের আন্দোলনের নেতা। তাকে নিয়ে সরকার পতন ঘটাবেন? খোয়াব, সবই রঙিন খোয়াব।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বিশেষ অতিথি হিসেবে আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ প্রমুখ।



