৭ নভেম্বর মুক্তিযোদ্ধা-সৈনিক হত্যাকারীদের বিচার হবেই: স্বরাষ্ট্রমন্ত্রী

৭ নভেম্বরের মুক্তিযোদ্ধা ও সৈনিক হত্যাকারীদের বিচার হবেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, কথায় কথায় মুক্তিযোদ্ধাদের হত্যা করা, তাদের একটি বিরূপ অবস্থানে দাঁড় করানো, এই ষড়যন্ত্র, এই রক্তের হোলি খেলা যারা করছেন, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। এ লক্ষ্যে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের হত্যাকারীদের বিচার হবেই।
আজ সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক প্রতিবাদ সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৭ নভেম্বর একটা বিপ্লবের নাম করে এই যে কত সন্তানের বাবাকে হত্যা করা হলো। তাদের ডেডবডি কোথায়, সেটিও তাদের পরিবার জানে না। আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি। তাদের মৃত্যুর পর ডেডবডি তাদের আত্মীয়-স্বজনের কাছে পৌঁছে দিয়েছি। এটাও ওই বিপ্লবের সময় হত্যার স্বীকার হওয়া সন্তানদের ভাগ্যে জোটেনি। তারা আজ এই হত্যার বিচার চাইছে। তারাই হাইকোর্টে একটি আবেদন করেছে।
তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের কারণে-অকারণে যারা হত্যা করেছে, তাদের বিচার বাংলার মাটিতে হবে।
১৯৭৫ সালের ৭ নভেম্বর শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সমন্বয়ক ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক ড. খন্দকার বজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য দেন অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, মেজর জেনারেল (অব.) গোলাম হেলাল মোর্শেদ খান বীরবিক্রম, সংসদ সদস্য নাহিদ ইজাহার খান প্রমুখ।



